গুগল আনছে থার্মোমিটারযুক্ত স্মার্টফোন
চলতি বছরের অক্টোবর মাসেই বাজারে আসতে চলেছে গুগল পিক্সেল ৮ এবং গুগল পিক্সেল ৮ প্রো। এরমধ্যে গত মার্চ মাসে প্রো মডেলের সিএডি রেন্ডার (ছবি) সামনে আসে, যেখান থেকে এই ফোনের ডিজাইন এবং ফিচার প্রকাশ পায়। জানা গেছে, গুগল পিক্সেল ৮ প্রো ফোনে ট্রিপল রিয়ার ক্যামেরার পাশাপাশি একটি নতুন সেন্সর এবং একটি এলইডি ফ্ল্যাশ থাকবে।
৯১ মোবাইলস একটি রিপোর্টে বলেছে যে, নতুন সেন্সরটি হলো একটি ইন-বিল্ট থার্মোমিটার, যেটি শরীরের তাপমাত্রা নির্ণয় করতে সাহায্য করবে।
টিপস্টারের পাশাপাশি অনলাইনে ফাঁস হওয়া কিছু ছবিতে দাবি করা হয় যে, আসন্ন গুগল পিক্সেল ৮ প্রো শরীরের তাপমাত্রা মাপার জন্য ব্যবহার করা যেতে পারে। যদিও পরে ছবিগুলি সরিয়ে ফেলা হয়। তবে ৯১ মোবাইলস বলেছে যে, এই ফোনের মধ্যে থাকা থার্মোমিটার কোনো ব্যক্তিসহ যেকোনো বস্তুর তাপমাত্রা নির্ণয় করতে সক্ষম।
খবর অনুযায়ী, ক্যামেরার এলইডি ফ্ল্যাশের ঠিক নিচে থাকা থার্মোমিটারে মাথা অথবা ত্বক স্পর্শ করাতে হবে। আর ব্যবহারকারীকে এটাও খেয়াল রাখতে হবে যে সেই সময় মোবাইল স্ক্রিনে কোনভাবেই যেন স্পর্শ না হয় অথবা ফোনের আশেপাশে অন্য কোনো জিনিস না থাকে।
স্ক্রিনে স্টার্ট বাটনে ক্লিক করার ৫ সেকেন্ডের মধ্যেই সেন্সরের কাছে ত্বক অথবা মাথা নিয়ে যেতে হবে এবং তারপর ফোনের স্ক্রিনে শরীরের তাপমাত্রা দেখা যাবে।
ডিবিটেক/বিএমটি





